লালমনিরহাটের হাতীবান্ধায় জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ৮টি মামলায় জরিমানা ও এক মাদকসেবীর কারাদণ্ড দেয়া হয়েছে।
লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্র জানায়, সকাল আনুমানিক ১১টার দিকে হাতীবান্ধার মেডিকেল মোড় বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়। এ সময় বিভিন্ন মাংসের দোকান এবং ফলের দোকানসমূহে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৩৮ ধারা অনুযায়ী জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
পরবর্তীতে ওই এলাকার মাতৃছায়া ফার্মেসীতে তদারকি করা হয়। সেখানে জীবনরক্ষাকারী এন্টিবায়োটিক বিক্রয়ের সুনির্দিষ্ট রেজিস্ট্রার না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৫১ ধারা অনুযায়ী জরিমানা করা হয়।
এছাড়া, অভিযান চলাকালে ট্যাপেন্টাডল নামক মাদক গ্রহণের দায়ে বজলুর রহমান বিপ্লব নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি অপরাধ স্বীকার করায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর ৩৬(৫) ধারা মোতাবেক তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’ এর অধীনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি চালানো হয় এবং ব্যবসায়ীদের ডিলিং ও ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজকের এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধ ও অনিয়মের দায়ে মোট ৮টি মামলা দায়ের করা হয়েছে এবং আইন অমান্যকারীদের কাছ থেকে সর্বমোট ৫হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জনস্বার্থে এবং বাজার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।