শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোগলহাট বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্তপথে মাদকদ্রব্য চোরাচালানের চেষ্টা করবে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০মিনিটে মোগলহাট বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার চর ফলিমারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে তার গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারি বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের পরিমাণ ৪হাজার পিস, যার সিজার মূল্য ৪লক্ষ টাকা। এছাড়াও, মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতঃ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone