লালমনিরহাট জেলা বিএনপি এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বিএনপির দুই গ্রুপে বাকবিতন্ডা ও হট্টগোল এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ বাকবিতন্ডা ও হট্টগোল এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মীর মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় সভাস্থলে হট্টগোল ছড়িয়ে পড়ে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। মতবিনিময় সভা সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল।
এতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলামসহ অন্তত ৩জন আহত হয়েছেন মর্মে জানা গেছে।
পরে আহতদেরকে রংপুরের একটি বে-সরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন।