লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের সাপটানা বাজার রোডস্থ এ ক্লিনিকে অভিযান পরিচালনা করেন সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস লালমনিরহাটের ফেসবুক পেজের পোস্টে বলা হয়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রসূতির মৃত্যুর তথ্য জানতে পেরে লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম আজ লালমনিরহাট সদরস্থ অতিথি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্লিনিক মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায়নি। ফোন ও বিভিন্ন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে আজ বিকেলে সিভিল সার্জনের নির্দেশে এবং লালমনিরহাট সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ নওশাদ আলম ও লালমনিরহাট সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামগণের উপস্থিতিতে অতিথি ক্লিনিক সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপংকর রায় এবং লালমনিরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অতিথি ক্লিনিকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে এই সংক্রান্ত কারণ দর্শানোর সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হলে ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।