গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের খুনিয়াগাছ উচ্চ বিদ্যালয় মাঠে ৬নং খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের আয়োজনে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে সেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, নারীদের সক্ষমতা বৃদ্ধি এবং ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
উল্লেখ্য যে, অস্বচ্ছল ও আগ্রহী নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া উক্ত ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এর মাধ্যমে নারীদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।