গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিক্ষার মানোন্নয়ন রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই জেলার শিক্ষা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নতি আনা সম্ভব হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় লালমনিরহাটের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলার সকল মাধ্যমিক (মাদ্রাসা, কারিগরি) ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীনসহ লালমনিরহাট সদর উপজেলার সকল মাধ্যমিক (মাদ্রাসা, কারিগরি) ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা প্রশাসনিক ত্রুটি সহ্য করা হবে না। সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও আদর্শের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।
মন্ত্রী বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ত্রানমন্ত্রী বলেন, মাদক মুক্ত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় শিক্ষা প্রশাসনের পাশে রয়েছে। তাই সকল ভয়ভীতি উপেক্ষা করে শিক্ষার মানোন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে।
শেষে উন্মুক্ত আলোচনায় শিক্ষকরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভায় শিক্ষার মানোন্নয়নে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।