লালমনিরহাটে “তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের হলরুমে সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের আয়োজনে এ ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলম-এঁর সঞ্চালনায় অতিথি ছিলেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়। বক্তব্য রাখেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধাক্ষ্য মোঃ শরিফুল ইসলাম, সনাক সদস্য স্বপ্না জামান, ডাঃ আশিক ইকবাল মিলন প্রমুখ। এ সময় মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, আমাদের সমাজে সেবা গ্রহণে এখনও নারীরা পিছিয়ে আছে। যার ফলে তারা বিভিন্ন সময় সেবা পাওয়া থেকে বঞ্চিত এবং দুর্নীতি শিকার হয়ে থাকেন। তাই তথ্য অধিকার আইন, ২০০৯ এবং এর মাধ্যমে কিভাবে তথ্য পাওয়া যায় তা জানা একান্ত দরকার। যার মাধ্যমে নারী অধিকার আদায় এবং বাস্তবায়ন করাও সম্ভব হয়।
প্রায় ৩শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান রাওয়ানা মার্জিয়া।
ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি তথ্য প্রাপ্তির আবেদনের ‘ক’ ফরম পুরণ হাতে কলমে শেখানো হয়। এরপর তথ্য অধিকার আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।