লালমনিরহাটে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় ৩৩হাজার ২শত টাকা অর্থদণ্ড আদায় ও ৫জনের কারাদণ্ড দেয়া হয়েছে।
জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা, বাজার তদারকি, পরিবেশ সংরক্ষণ এবং সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রোববার (১৪ জুন) জেলা প্রশাসন লালমনিরহাট-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে সর্বমোট ১৯টি মামলায় ৩৩হাজার ২শত টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়, এবং ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমীন পরিচালিত অভিযানে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২; অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬; এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে মোট ১৪টি মামলায় সর্বমোট ৩২হাজার ৮শত টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়া বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম এবং মোঃ মামুনুর রশিদ পরিচালিত পৃথক ২টি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
প্রতিটি অভিযানে ঘটনাস্থলে প্রাপ্ত আলামত, উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য এবং অভিযুক্ত ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে এ ধরনের আইন বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
জেলা প্রশাসন লালমনিরহাট জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা অব্যাহত রাখবে।