নবনির্মিত লালমনিরহাট জেলা আধুনিক কসাইখানার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) বিকাল ৩টায় লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ নবাবের হাটে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে এ কসাইখানার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
নবনির্মিত আধুনিক কসাইখানার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারীসহ লালমনিরহাটের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন, লালমনিরহাটের জেলা ও উপজেলা এবং পৌরসভা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, এটি অত্যন্ত নিরাপদ ও বৈজ্ঞানিক উপায়ে রোগমুক্ত মাংস প্রক্রিয়াজাতকরণের একটি আধুনিক কসাইখানা। দেশের প্রতিটি জেলায় এ ধরনের কসাইখানা থাকা উচিত।
তিনি বলেন, আমরা যত্রতত্র পশু জবাই করি, যা পরিবেশ দূষণ ও রোগ ছড়ানোর কারণ হয়। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, কসাইখানাটি চালু হওয়ায় যত্রতত্র গরু ও ছাগল জবাইয়ের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ অনেকাংশে কমবে। পাশাপাশি মাংস ব্যবসায়ীদের শ্রম ও সময়ও সাশ্রয় হবে।
উল্লেখ্য যে, প্রায় ৯কোটি টাকা ব্যয়ে লালমনিরহাটে নির্মিত হয়েছে অত্যাধুনিক কসাইখানা। এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও প্রস্তুত করা সম্ভব হবে।