লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের ঘুন্টিবাজার এলাকায় ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে চিকিৎসা নিচ্ছেন ৬জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়ার মৃত- কারিগরের ছেলে মোঃ নুর আমিন (৩০), গুড়িয়াটারী উফারমারার মৃত হাফিজার রহমানের ছেলে মোঃ ফাতুল মিয়া (৩৫), কালটু মিয়ার ছেলে মোঃ মোস্তাকিম (৩৮), উফারমারা (ঘুন্টির বাজার)র রবিউল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২০)।
আহত ব্যক্তিরা হলেন- রেফার্ড টু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘুন্টি বাজারের মৃত- রশিদ উদ্দিনের ছেলে মোঃ বাদশা (৫৫), উফারমারার মমিনুল ইসলামের ছেলে মোঃ মিশন মিয়া (২০), আবুল হোসেনের ছেলে মোঃ সাইফুল মিয়া (৩২), ইসলামপুর ডাঙ্গাপাড়ার জবেদ আলীর ছেলে মোঃ আইনুল হক (৩৫), পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন গুড়িয়াটারীর ইদ্রিস আলীর ছেলে মোঃ দিপু মিয়া (৩০), ঘুন্টির বাজারের মৃত নছর উদ্দিনের মোঃ জাফর উদ্দিন (৬০)।
ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন- বুড়িমারী ইউনিয়নের আনন্দ বাজার ঘুন্টির আনসার আলীর ছেলে মোঃ লিটন (৩৫) এর সার, বীজ এবং কীটনাশকের দোকান ক্ষতি প্রায় ১লক্ষ টাকা, মোঃ কালুয়ার মুদি দোকান ক্ষতি প্রায় ৫০হাজার টাকা এবং মোঃ আলমগীর মিয়া।
পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর-পাটগ্রাম জাতীয় মহাসড়কের বুড়িমারী স্থলবন্দর ঘুন্টিবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে ইজিবাইক থামিয়ে কয়েকজন যাত্রী চা পান করছিলেন। কেউ কেউ ইজিবাইকের সিটে বসেছিলেন। ইজিবাইকটি পাটগ্রাম যাওয়ার কথা ছিল।
এরই একপর্যায়ে বুড়িমারী স্থলবন্দরগামী একটি খালি ট্রাক চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও চায়ের টং ঘরের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নুর আমিন ও ফাকুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হন ৬জন।
স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এর মধ্যে সেখানে চিকিৎসাধীন মোস্তাকিন ইসলাম মারা যান। আহতদের কারো কারো শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ইজিবাইক চাপা দেয়া ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।