লালমনিরহাটে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী, লালমনিরহাট কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম বকুলসহ লালমনিরহাট জেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। বক্তারা সমবায় ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী সুখের ঠিকানা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের মোঃ নাসির উদ্দিন ও শ্রেষ্ঠ সমবায় সমিতি চেতনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।