রমজানের টানা ৩০দিন সিয়াস সাধনা, ইবাদত-বন্দেগির ও ত্যাগ এবং সংযমের পর ঈদ আসে অনাবিল আনন্দের বার্তা নিয়ে।
শনিবার (২১ মার্চ) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সঙ্গে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলায় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে।
ঈদের দিন সকালে ছোট-বড়, ধনী-নির্ধন, আপন-পর সকল ভেদাভেদ ভুলে মুসল্লিগণ পরস্পর কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া রকমারী খাবারের আয়োজন, বাহারী পোশাক পরিধান আর আত্মীয়-পরিজন, পাড়া-পড়শীর সঙ্গে দেখা-সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় হয় এ মহোৎসবে। এদিনে অনেকেই কবরস্থানে গিয়ে পরলোকগত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের রুহে মাগফেরাত কামনা করেন।
ঈদ জামাতে দুনিয়ার সুখ, শান্তি, স্বস্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
লালমনিরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে। বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার সুমনসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, উর্দ্ধতন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ ওই জামাতে অংশ নেন। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ও দোয়া পরিচালনা করেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, জনগণের দেয়া আস্থা তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব। এই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবেন।
তিনি আরও বলেন, লালমনিরহাটকে একটি উন্নত ও আদর্শ জেলায় পরিণত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
এছাড়াও মন্ত্রী উল্লেখ করেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের ঈদ সাধারণ মানুষের মাঝে নতুন মাত্রার আনন্দ ও প্রত্যাশা সৃষ্টি করেছে। এই ইতিবাচক পরিবেশকে কাজে লাগিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে লালমনিরহাট জেলার বিভিন্ন ঈদগাহ্ মাঠ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা ঈদগাহ ময়দানে নামায় আদায় করেন কোদালখাতা জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ হয়রত আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, মোঃ রিজভী আহমেদ সৌরভ, মোহাম্মদ আল মুবীন আহমেদ আদরসহ ধর্মপ্রাণ মুসলমান গণ নামাজ আদায় করেন।
পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ও দোয়া পরিচালনা করেন কোদালখাতা ঈদগাহ মাঠের ঈমাম মাওলানা মোঃ নূরুল আমিন।