গণভোটের বৈধতা, খাল খনন প্রকল্পে অনিয়ম, প্রশাসনের ভূমিকা ও জেলার স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন ইস্যুতে সরকার ও বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতারা।
বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানীনগর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই পথযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব বক্তব্য দেন তারা।
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম বলেন, জনাব সালাহ উদ্দিন আহমেদ, দেশে-বিদেশে যেখানেই থাকেন, এই গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে। একই ভাবে বিএনপিও খাল খননের মেগা প্রকল্পের নামে অনিয়ম করছে। তার দাবি, শ্রমিক দিয়ে খাল খননের কথা বলা হলেও তালিকায় দলীয় নেতাকর্মী ও বহু আগে মারা যাওয়া ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে সেই খাল ড্রেজার দিয়ে খনন করে বালু-পাথর লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সার্জিস আলম আরও বলেন, বিএনপির নেতাদের টাকা না দিলে কোনো ঠিকাদার কাজ শুরু করতে পারেন না। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হতে গেলেও বিএনপির পদধারী হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, রাতের নির্বাচন ও ডামি নির্বাচনের সঙ্গে জড়িত ডিসি-এসপিরা ভেবেছিলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সচিব, উপদেষ্টা কিংবা বড় পদ পাবেন। কিন্তু আজ তাদের একজনেরও চাকরি নেই।
সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লালমনিরহাটের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার অবস্থা সন্তোষজনক নয়। কোথাও চিকিৎসক নেই, কোথাও নার্স নেই, আবার কোথাও প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, জেলার একজন প্রভাবশালী ব্যক্তি সারা দেশে ত্রাণ বিতরণ করলেও লালমনিরহাটে ত্রাণের সংকট রয়েছে।
এনসিপির লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব শাহ সুলতান মোঃ নাসির উদ্দীন নাহিদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। এছাড়া বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।