লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশ-এর ‘ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড নার্চারিং গ্রোথ ফর পভার্টি (সি-রংপুর)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী একটি বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বড়বাড়ী ইউনিয়নের রত্নাই ফেডারেশন প্রাঙ্গণে আয়োজিত এই ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রায় ১৩০জন রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু সমস্যা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সমস্যা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সাধারণ রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিনামূল্যে সেবা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাভোগীরা।
ক্যাম্পে সেবা নিতে আসা অনেকে অনুভূতি ব্যক্ত করে বলেন, বাড়ির কাছে বিনামূল্যে ভালো ডাক্তারদের দিয়ে চোখ পরীক্ষা করাতে পেরে আমাদের খুব উপকার হলো, ডাক্তার খুব যত্ন নিয়ে আমাদের পরামর্শ ও চিকিৎসা দিয়েছেন।
ক্যাম্পে চক্ষু চিকিৎসা প্রদান করেন আরডিআরএস বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞ রিফ্রাকশনিস্ট জুননুন মন্ডল। এ ছাড়া সাধারণ ব্যাধি ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেন মেডিকেল অফিসার ডা. ওয়াহিদা আক্তার ও ডা. জিল্লুর রহমান।
স্বাস্থ্য ক্যাম্প পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (হেলথ) জেসমিন আক্তার, ডিস্ট্রিক্ট অফিসার সোনালী, উপজেলা অফিসার অমল কুমার এবং রত্নাই ফেডারেশনের সভাপতি রুহুল আমিনসহ সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।