লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি সীমান্তে গরু চরানোকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)র ৩জন সদস্যের বাগ্বিতণ্ডা হয়। এ খবর শুনে স্থানীয় আরও অনেকে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানালে বিএসএফের সদস্যরা ২টি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে বাংলাদেশ অংশ থেকে চলে যান।
পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)র টহল দলের সদস্যরা বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি সেট উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। বিএসএফের অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেওয়া হয়। গতকাল রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, ৭৮ বিএসএফের কমান্ড্যান্ট পতাকা বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।