পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি সমাজ নববর্ষ উদযাপন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের এ দিনটি বাঙালি জাতির এক মহামিলন মেলায় রূপান্তরিত হয়। তারই ধারাবাহিকতায় এসো হে বৈশাখ, এসো, এসো…….. “নববর্ষের ঐকতান, গণতের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ১ বৈশাখ সকাল ৮টায় লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, লোকজ মেলা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাঙালির হাজার বছরের লোক-সংস্কৃতির লালিত ঐতিহ্য পহেলা বৈশাখ। পুরাতন বছরের গ্লানি মুছে, নতুনের নবরূপে বৈশাখকে বরণের জন্য লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রায় লালমনিরহাট জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, লোকজ মেলা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শিবেন্দ্র নাথ রায় কার্জী শিবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।