শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের মানুষের ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট: সব প্রস্তুতি সম্পন্ন, জেলাজুড়ে উৎসবের আমেজ
এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাসে দুই দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ (এনএজিসি-২০২৬) আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

সমাপনী অনুষ্ঠানে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্যবৃন্দ, এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকেরা অনুষ্ঠানে যোগ দেন।

অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টি, তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশ এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল ধারণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন।

সমাপনী দিনের শুরুতে এএইউবি-এর ভাইস চ্যান্সেলর বলেন, জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার প্রথম আয়োজনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে, বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহ ও অপার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন করা নয়; বরং তরুণ মেধাকে খুঁজে বের করা, তাদের ধারণাকে গবেষণা ও বাস্তব প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং ভবিষ্যতে দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিক্স ও মহাকাশ প্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার জন্য একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম সৃষ্টি করা।” তিনি অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান এবং বিজয়ী না হলেও প্রতিটি উদ্ভাবনী প্রচেষ্টাকে ভবিষ্যৎ সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।

প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের শুধু প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে না; বরং জাতীয় প্রয়োজনকে সামনে রেখে নতুন ও কার্যকর সমাধান উদ্ভাবনে উৎসাহিত করে। তিনি বলেন, ড্রোন, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ভবিষ্যতে দুর্যোগ পূর্বাভাস, উদ্ধার কার্যক্রম, কৃষি, যোগাযোগ, নিরাপত্তা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি তরুণদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্নকে গবেষণা, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এএইউবি-কে কেন্দ্র করে লালমনিরহাটে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৭টি বিশ্ববিদ্যালয়সহ সর্বমোট মোট ৭৪টি দল ও ২৯৬ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে ঘূর্ণায়মান পাখা-যুক্ত উড়যান বিভাগে ১৬টি দলের ৬৯ জন, স্থির ডানা বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং মহাকাশ রোবোটিক্স বিভাগে ৪টি দলের ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

চারটি বিভাগে বিজয়ীদের ফলাফল হলো- ঘূর্ণায়মান পাখা-যুক্ত উড়যান: প্রথম স্থান অর্জন করে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ‘ইরফান এফপিডি’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘টিম ভটেক্স’।
স্থির ডানা: প্রথম স্থান অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘ড্রাগন ফ্লাই’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাবো ভেনম’।
সকার বট: প্রথম স্থান অর্জন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘ব্ল‍্যাক সাবের’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
মহাকাশ রোবোটিক্স: প্রথম স্থান অর্জন করে গ্রিন ইউনিভার্সিটির ‘মার্স রোভার টিম’। দ্বিতীয় স্থান যৌথভাবে অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যাবোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘রোভার ৭১’ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অগ্রদূত’।
প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন এবং অংশগ্রহণকারী সব দলকে তাদের উদ্ভাবনী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান।
দুই দিনের এ আযোজনের মধ্য দিয়ে এনএজিসি-২০২৬ শুধু একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকেনি; বরং দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জ্ঞান বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কাজ করার একটি জাতীয় মিলনমঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এএইউবি আশা করে, এ প্রতিযোগিতা থেকে উঠে আসা মেধা ও উদ্ভাবনী ধারণাগুলো ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, শিল্পায়ন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পুরস্কার বিতরণ ও ফটোসেশনের মধ্য দিয়ে ১ম জাতীয় অ্যাবো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone