গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে আসছেন তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে দেশের উত্তরের সীমান্তবর্তী এই জেলা। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল সবখানেই বইছে আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং অনুষ্ঠানস্থলগুলো বর্ণিল সাজ ও তোরণে সাজানো হয়েছে। সদর উপজেলার মহেন্দ্রনগর, জেলা কালেক্টরেট মাঠ এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের ঘষামাজা ও নিরাপত্তা মহড়া।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দফায় দফায় সভাস্থল ও প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন।
সফরে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগরের মণ্ডলেরহাট এলাকায় খননকৃত ১৫কিলোমিটার দীর্ঘ ‘মডেল খাল’ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত দুর্যোগসহনীয় ঘর উদ্বোধন করবেন। এছাড়া তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিকেলে জেলা কালেক্টরেট মাঠে মাদক, জুয়া, ক্যাসিনো ও বাল্যবিবাহ বিরোধী সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর বিশাল কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচিকে সফল করতে জেলার প্রায় ১৫হাজার স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তরাঞ্চলের এই জেলার উন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতির সঞ্চার করবে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, ফোর লেন রাস্তা, বিমান বন্দর ও মোগলহাট স্থলনবন্দর চালুসহ কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়ার প্রত্যাশা করছেন তিস্তাপাড়ের মানুষ।