লালমনিরহাটে “দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় গোল চত্বর ও লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থাসমূহের সহযোগিতায় এ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হক সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপঙ্কর রায়, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তুলতে সাদাছড়ি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। তাঁদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যথাযথ সহযোগিতা ও সহায়ক পরিবেশ পেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।