লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে সার বিক্রি ও পরিবহনের দায়ে ২জনকে ৩৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ সংলগ্ন এলাকায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার। এ সময় অভিযানে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
অভিযানে মেমো সংরক্ষণ না করা, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এবং বিনির্দেশ বহির্ভূতভাবে অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির দায়ে এক ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সার পরিবহনের সময় ১জন অবৈধ ব্যবসায়ীকে আটক করে ৩হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে ৫হাজার ২শত ৫০টাকা মূল্যের ৫ বস্তা ডিএপি সার জব্দ করে আদিতমারী উপজেলা কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম বলেন, কৃষকদের জন্য সরকারি বরাদ্দের সার যাতে নির্ধারিত মূল্যে ও নিয়ম মেনে বিক্রি হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।