লালমনিরহাটে ‘তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সনাক লালমনিরহাটের সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া-এঁর সভাপতিত্বে সনাক লালমনিরহটের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (অতি.দা.) রুখসানা পারভীন। তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন টিআইবি’র রংপুর ক্লাস্টারের কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। বক্তব্য রাখেন সনাক সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, স্বপ্না জামান, ডা. আশিক ইকবাল মিলন।
প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (অতি.দা.) রুখসানা পারভীন বলেন, সঠিক তথ্য না জানলে হয়রানি ও দুর্নীতির বৃদ্ধি পায়। একই সাথে তথ্য না জানার কারণে অনেক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়না। তাই তথ্য জানা প্রতিটি নাগরিক দায়িত্ব ও কর্তব্য। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ এবং তথ্য প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিক হওয়ার আহ্বান জানান।
বক্তাগণ ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নিজ নিজ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বপ্রনোদিতভাবে তথ্য প্রকাশ, তথ্য চাওয়ার জন্য আবেদন করলে গুরুত্বসহকারে তথ্য প্রদান এবং শিক্ষার্থী ও অভিভাবকগণকে সচেতন করার মাধ্যমে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেন।