লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ এবং নিভিয়া সফট ক্রীম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রামখানা এবং ঝাউরানী বিওপির ২টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ এবং নিভিয়া সফট ক্রীম জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ক্লিনিক মোড় এবং রাত ৭টা ৪৫মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী নামক স্থানে বিজিবির টহলদল ২টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে ভারতীয় নিভিয়া সফট ক্রিম ৯শত ৫০পিছ এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ ৫০টি বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় নিভিয়া সফট ক্রিম ৯শত ৫০পিছ, যার সিজার মূল্য ১লক্ষ ৪হাজার ৫শত টাকা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ ৫০টি বোতল, যার সিজার মূল্য ২০হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১লক্ষ ২৪হাজার ৫শত টাকা। এছাড়াও চোরাচালান ও মাদক চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা চোরাচালান ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।