দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অশালীন বক্তব্য প্রদান এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান সবুজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে লালমনিরহাট জেলা বিএনপি।
লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত নোটিশ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি করা হয়।
নোটিশে বলা হয় যে, গত ১৩ সেপ্টেম্বর জেলা বিএনপির মতবিনিময় সভায় শামসুজ্জামান সবুজের উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা জেলা বিএনপির স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। এছাড়া তার এ ধরনের অশালীন বক্তব্য দলীয় শৃঙ্খলা ও শালীনতার পরিপন্থী এবং তৃণমূল নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের ইন্ধন যোগায়।
এতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ১৭ মার্চ একই ধরনের শৃঙ্খলাহীন আচরণের কারণে তাকে সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু তিনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা থেকে বিরত থাকেননি।
হেনস্থামূলক ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা নোটিশ প্রাপ্তির ৫দিনের মধ্যে জেলা বিএনপির নিকট লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা বিএনপির এক মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ৫জন নেতা-কর্মী আহত হন।