লালমনিরহাটে সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজকে মাদক মুক্ত রাখার লক্ষ্যে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর আয়োজনে এ মাদকবিরোধী সচেতনতা তৈরির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি। বক্তব্য রাখেন লালমনিরহাটের চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমান, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ মন্ডল, লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদত হোসেন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাটের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পরে লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।