লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায়, চোরাকারবারীরা অবৈধভাবে ভারতীয় প্যান্ট পিছের একটি বড় চালান সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করবে। উক্ত তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আওতাধীন ঘাঘলা বাজার নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনার সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তিকে ব্যাটারি চালিত অটো ভ্যানযোগে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে ভ্যান ও মালামাল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ভারতীয় প্যান্ট পিছ ১হাজার ৫শত মিটার জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় প্যান্ট পিছ ১হাজার ৫শত মিটার, যার সিজার মূল্য ৩০লক্ষ টাকা। এছাড়াও উপরোক্ত ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সব সময় আপসহীন। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।