লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর জোনাব আলী হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ১জন আসামিকে এসআরবি-১৩ এর অভিযানে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা ১৮মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাটে জমির বিরোধে জোনাব আলী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মোঃ রাউফন মিয়া (২২)’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাউফন লালমনিরহাট সদর থানাধীন রামদাস ধোপাপাড়ার মোঃ জামাল হোসেনের ছেলে এবং মামলার ২নং এজাহারনামীয় আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী জোনাব আলীর পরিবারের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসা করার চেষ্টা করা হয়। গত ৬ নভেম্বর সকাল ১০টায় ভুক্তভোগীর ভাই আব্দুল খালেক তার জমিতে কাজ করার সময় অভিযুক্তরা তাকে গালাগালি শুরু করে। খালেক গালাগালি করতে নিষেধ করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে আহত করে। খালেকের চিৎকারে ভুক্তভোগী জোনাব আলী ঘটনাস্থলে গেলে তাকেও অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুত্বর জখম করে। তাদের উভয়ের চিৎকারে ভুক্তভোগীর আরেক ভাই ফুলমিয়া ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে আশেপাশের লোকজন এসে ভুক্তভোগীসহ ৩ভাইকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। জোনাব আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ নভেম্বর সকাল ১১টা ৫১মিনিটে জোনাব আলী মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।
ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি এসআরবি-১৩ রংপুরের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১২টা ৫০মিনিটে রংপুর জেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে লালমনিরহাট সদর থানার জমির বিরোধে জোনাব আলীকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ রাউফন মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।