লালমনিরহাটে “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য সড়ক র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ বর্ণাঢ্য সড়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হোসাইন মোঃ রাকিবুর রহমান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন বিশিষ্ট খামারী অরুণ কুমার রায়, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মন্ডল, দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট জেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আঃ রহিম, লালমনিরহাট জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি শেখ মঞ্জুর আলম প্রমুখ। এ সময় খামারি প্রতিনিধিবৃন্দ, ভেটেরিনারি ওষুধ প্রতিনিধিবৃন্দ, ফিড স্টলের সদস্যবৃন্দ এবং ভেটেরিনারি স্টেকহোল্ডারবৃন্দ, জাতির বিবেক ও সমাজের দর্পণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় বর্ণাঢ্য সড়ক র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বর্ণাঢ্য সড়ক র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদর্শনীস্থলে এসে শেষ হয়। পরে প্রদর্শনী উদ্বোধন, পরিদর্শন, আলোচনা সভা ও স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে খামারি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত প্রাণিসম্পদ, আধুনিক প্রযুক্তি এবং সফলতার চিত্র তুলে ধরেন। স্টলগুলোতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্ভাবন, উন্নত জাতের পশুপাখি, প্রাণিখাদ্য ও খামার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়।
প্রদর্শনীতে বিভিন্ন জাতের হাঁস-মুরগি ও গবাদিপশুর পাশাপাশি পোষা প্রাণিও স্থান পেয়েছে। বিশেষ করে ঘোড়া এবং ব্যতিক্রমী জাতের হাঁস-মুরগি দেখতে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ দেখা যায়। প্রাণির বৈচিত্র্য দেখতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালন, উন্নত জাতের সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম, টিকাদান, কৃত্রিম প্রজনন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং এবং নারী উদ্যোক্তা সমাবেশসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরে ডেইরি ও পোল্ট্রি খাতে অন্যন্য অবদান রাখার জন্য ৪জন খামারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।