এসআরবি এর অভিযানে লালমনিরহাটে ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ১১মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট সদর এলাকায় ২কেজি গাঁজাসহ মোঃ আঃ রাজ্জাক (৩৭) নামের ১জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। বুধবার (২৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাক লালমনিরহাট সদরের বড়বাড়ী ইউনিয়নের ছাট হরনারায়ন এলাকার মৃত আঃ খালেকের ছেলে।
এসআরবির চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার (২৫ নভেম্বর) ভোর ৩টা ৪৫মিনিটে সদর কোম্পানী এসআরবি-১৩ রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানাধীন ছাট হরনারায়ন গ্রামের মোঃ আঃ রাজ্জাক এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তার বসত ঘরের খাটের নিচে থেকে ২কেজি গাঁজা জব্দ করে। এ সময় বাড়ির মালিক আঃ রাজ্জাককে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।