লালমনিরহাট জেলার সদর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৩।
সোমবার (১১ মে) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
বাদী মোঃ আহসান হাবীব সরকার এর দায়েরকৃত এজাহার হতে জানা যায় যে, ভিকটিম ও ধৃত আসামি একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে ধৃত আসামির পরিবার বাদীর পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ১০ এপ্রিল রাত ১০টা ৩০মিনিটে ধৃত আসামি ও অজ্ঞাতনামা ২/৩জন আসামিগণ পূর্ব পরিকল্পিত ভাবে বাদীর পরিবারকে হত্যার উদ্দেশ্যে আসামিগণের হাতে থাকা লোহার রড, বাঁশের লাঠি, ধারালো ছোরা, সাবল, রামদা, লাঠিসোটা নিয়ে বেআইনি জনবদ্ধ হয়ে বাদীর বসতবাড়ীর সীমানায় অনধিকার প্রবেশ করলে বাদীর ছোট ভাই মোঃ আসাদুল হাবিব (৩০) ও বাদীর পিতা বাধা দিলে ধৃত আসামি ও তার সহযোগী আসামিগণ বাদীর পিতা ও ছোট ভাইকে মাথায় আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। বাদীর পিতা এবং ছোট ভাইয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যগণ ভিকটিমকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে বাদীর ছোট ভাই ভিকটিম মোঃ আসাদুল হাবীব (৩০) চিকিৎসাধীন অবস্থায় গত ১১ এপ্রিল সকাল ৯টা ১৯মিনিটে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ আহসান হাবীব সরকার (৪০) লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫, তাং-১১/০৪/২০২৬, ধারা ১৪৩/৪৪৮/৩৪২/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/১২৪/৩৪/ পেনাল কোড।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (১০ মে) রাত ১টা ৩০মিনিটে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ৩নং বড়দরগাহ ইউনিয়ন এর অন্তর্গত ৮নং ওয়ার্ডস্থ শাহাপাড়া হাজীপুর গ্রামস্থ জনৈক মোঃ নজরুল ইসলাম (৩০) এর বসতবাড়ি হইতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামি মোঃ রেজাউল মিয়া (২৪)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার তেলিপাড়া এলাকার আব্দুস সোবাহান ছেলে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।