বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর উত্থাপিত একটি প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন ও পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বেবিচকের বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে।
মন্ত্রী জানান, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর উন্নয়নে বর্তমানে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলো হলো-
(ক) কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প। এ পর্যন্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯০ দশমিক ৩৩%।
(খ) কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প। এ পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিত বাস্তব অগ্রগতি ৯৭ দশমিক ১০%।
(গ) কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের পরামর্শক সেবা (ডিজাইন ফেইজ) প্রকল্প। এ পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিতা বাস্তব অগ্রগতি ৩৫ দশমিক ০৪%।
(ঘ) যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহীর রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ প্রকল্প। এ পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিত বাস্তব অগ্রগতি ৭০ দশমিক ২৫%।