লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির ৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং ভারতীয় গাঁজা জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টা ৪৫মিনিটে বাগভান্ডার বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার খয়রার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহলদল ১জন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করে। এ সময় মোঃ আব্দুল গফুর মিয়া (৩৮)’কে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ২১পিসসহ আটক করতে সক্ষম হয়। সে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রাঙ্গালীবস গ্রামের মোঃ মনসুর আলী পুত্র।
এছাড়াও, একই তারিখ রাত ৮টা ৫০মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম বালাটারী নামক স্থান হতে ভারতীয় গাঁজা ১০.৫কেজি এবং রাত ১২টা ৪০মিনিটে কাশিপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ধর্মপুর নামক স্থান হতে ইয়াবা ট্যাবলেট ১শত ১০পিস ও ১টি বাটন মোবাইল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৭হাজার ৪শত ৫০টাকা। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে ভুরুঙ্গমারী থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।