লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি ভারতীয় মোটর সাইকেল ও ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর পৃথক ২টি টহলদল এসব চোরাই মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৪০মিনিটে ধবলসূতি বিওপির একটি টহলদল সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ১কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি ভারতীয় মোটর সাইকেল আটক করা হয়।
অপরদিকে, একই দিন ভোর ৪টা ৩০মিনিটে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৪কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম রাবার ড্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মোটর সাইকেল ও ভারতীয় গরুর সর্বমোট সিজার মূল্য ১৪লক্ষ ১০হাজার টাকা।
সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা এবং এমন অভিযান আরও জোরদার করা হয়েছে।