লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে। তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে তিথি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। স্থানীয়রা মরদেহটি নামিয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য নিতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এতে বাঁধা দেন। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে স্থানীয়রা অনেকে মনে করছেন প্রেম ঘটিত কারনে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান সরকার বলেন, তিথি রানী নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।