লালমনিরহাটের কালীগঞ্জে ওমান প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাংচুর ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ শাহ আলম কালীগঞ্জ উপজেলার দুহুলী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুহুলী এলাকার ওমান প্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে মোঃ শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে মান্নানের বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালান।
এ সময় বাড়ি-ঘরে ভাংচুরে বাধা দিতে গেলে মান্নানের স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার পর রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে ৩জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয় এবং অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে, প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনায় সংবাদ প্রকাশের পর বুধবারই শাহ আলমকে দল থেকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদ। সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়।
