আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) মাদক স্পটে অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে একটি চোরাকারবারী চক্র সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের অপচেষ্টা চালাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ মে) বিকাল ৫টা ৩০মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালারহাট বাজার সংলগ্ন এলাকার একটি মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত স্থানে পরিত্যক্ত ঘরের ভিতরে লুকায়িত অবস্থায় ৫১টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
এছাড়াও, একই দিন সন্ধ্যা ৬টা ৫০মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার উত্তর গোড়কমন্ডল এলাকায় আরেকটি স্পটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহলদল ধাওয়া করলে সে তার বহনকৃত মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৯টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপ ৬০টি বোতল, যার সিজার মূল্য ২৪হাজার টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে যাতে কোনো চোরাকারবারী চক্র সীমান্ত ব্যবহার করে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য দেশে প্রবেশ করাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। চোরাচালান ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।