লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই আবারও আটক করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাট আদালত চত্ত্বরের বাহিরে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুরে একটি মামলায় আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত ‘হামার বাড়ী’ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হয়ে মোঃ মেহেদী হাসান দুপুরে লালমনিরহাট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যায় বের হওয়ার সময় আদালত চত্ত্বরের গেট অতিক্রম করার সাথে সাথে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
আটকের বিষয়টি প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করলেও নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বলতে ডিবি পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য মেলেনি।
সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসানের এই আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।