লালমনিরহাটে র্যাব-১৩ এর অভিযানে ১শত ৩২টি বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধারসহ ৩জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (৬ এপ্রিল) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রোববার (৫ এপ্রিল) বিকাল ৪টা ১৫মিনিটে সিপিএসসি র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ডস্থ সিরাজুল মার্কেটস্থ আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের হেফাজতে থাকা স্কচটেপ দ্বারা মোড়ানো ১শত ৩২টি বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আক্কেলপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর মেয়ে রুপালী (৪৩), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাপমারা এলাকার মন্টুর মেয়ে স্মৃতি আক্তার (২৪), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চেঁচড়া এলাকার লুৎফর প্রামানিকের মেয়ে মোছাঃ মোমেনা খাতুন (৪৯)।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।