লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব রমজান আলীর সহ-ধর্মিণী মেহেরুন নেছা খানম (৭৮) বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টা ৪৫মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ জুলাই) বাদ এশা লালমনিরহাটের শিবেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের পুত্র মোঃ মোশাররফ হোসেন মুকুল, ভাতিজা আলহাজ্ব মোঃ মাহাতাব হোসেন প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযা নামাজ শেষে শিবেরকুটি গ্রামের পারিবারিক করবস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি ৪ছেলে, ৫মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির মরহুমা মেহেরুন নেছা খানম-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুমা মেহেরুন নেছা খানম লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মোশাররফ হোসেন মুকুল, ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ এমদাদুল হক, সাবেক সেনা সদস্য মোঃ রেজাউল করিম, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা মোঃ রেদওয়ানুল ইসলাম রতন-এঁর মাতা এবং সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর নানি।