এসআরবি-১৩ এর অভিযানে গাজীপুরে অপহৃত স্কুল ছাত্রীকে লালমনিরহাট থেকে উদ্ধারসহ প্রধান আসামি মোঃ নুর আলমকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ৭মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে লালমনিরহাট সদর থানা এলাকা থেকে উদ্ধার এবং প্রধান আসামি মোঃ নুর আলম (২০)'কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গ্রেফতারকৃত নুর আলম লালমনিরহাট সদর থানার পাঠানপাড়া এলাকার মোঃ আইয়ুর আলীর ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী কিশোরী কোনাবাড়ির একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। ঐ কিশোরী স্কুলে যাওয়া আসার সময় অভিযুক্ত নুর আলম তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। গত ১১ নভেম্বর ঐ কিশোরী তার নানার জন্য ওষুধ কিনতে বের হলে অভিযুক্ত নুর আলম তার কয়েকজন সহযোগির সহায়তায় কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-১৭)।
আসামি গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধারে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী এসআরবি-১৩ রংপুর এর একটি আভিযানিক দল বুধবার (২৫ নভেম্বর) রাত ২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার সদর থানাধীন পাঠানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কোনাবাড়ী থানার স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মোঃ নুর আলমকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামি এবং অপহৃত কিশোরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে এসআরবি এর প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপহরণের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.