লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। এ সময় ১টি গরুও প্রাণ হারায়।
রোববার (২২ নভেম্বর) সকালের দিকে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২জন হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং কুলাঘাট এলাকার বাসিন্দা মোটর সাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সকালে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল দ্রুতগতির একটি ট্রাক। পথে সেটি একটি গরু বহনকারী নছিমন ও একটি মোটর সাইকেলকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন ৩টি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফজলুল হক এবং নছিমনে থাকা ১টি গরু।
এদিকে গুরুত্বর জখম অবস্থায় ইমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটর সাইকেল খাদে পড়লে ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.