অগ্নিসন্ত্রাস ও নাশকতার রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর সেই পুরোনো অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতা এবং মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। চলমান অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র মোকাবিলায় এখন কঠোর জবাব দেওয়ার সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যে একটি চিহ্নিত গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হওয়ার অভিযোগ তোলেন তারেক রহমান। তিনি বলেন, যারা দীর্ঘ ১৬বছর অস্ত্রের জোরে জনগণের ওপর শাসন চালিয়েছিল, তারাই আবার তৎপর হয়ে উঠছে। ২০২৪ সালের গণআন্দোলনে দেশের গণতন্ত্রকামী জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই অপশক্তিকে পরাস্ত করেছিল, বর্তমান প্রেক্ষাপটেও তেমনই সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
গণতান্ত্রিক অধিকারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুম-খুনমুক্ত পরিবেশের যে অর্জন পেয়েছে, তা নস্যাৎ করার অপচেষ্টা চলছে।
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে জানতে চান, মানুষ কি আবারও গুম-খুনের রাজনীতি, ভোটাধিকার হরণ কিংবা কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার সুযোগ দেবে?
বক্তব্যের শেষে দেশ ও জনগণের অর্জিত অধিকার রক্ষায় চব্বিশের আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.