লালমনিরহাটে সরকারি রাস্তার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ডাঃ ইমরান (এমবিবিএস) নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম হাড়িভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে।
এদিকে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাড. মোঃ রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে জানানো হয়, হাড়িভাঙ্গা বাজার মোড় হতে পশ্চিম হাড়িভাঙ্গামুখী সরকারি পাকা রাস্তাটি পশ্চিম হাড়িভাঙ্গা জামে মসজিদ হয়ে একটি রাস্তা ক্যান্টঃ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দিকে এবং অন্যটি পশ্চিম দিকে চলে গেছে। ওই রাস্তা সংলগ্ন তফশিলভুক্ত (খারিজ খতিয়ান নং- ২২৯৯, দাগ নং ১১৫৫) জমিতে ডাঃ ইমরান ও তার স্ত্রী জাফরিন আক্তার বহুতল ভবনের নির্মাণকাজ করছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ভবন নির্মাণের সময় রাস্তার কোনো কোনো স্থানে ৪ ফুট এবং কোনো কোনো স্থানে ৩ ফুট জায়গা প্রভাব খাটিয়ে অবৈধভাবে দখল করে নির্মাণকাজ করা হচ্ছে। রাস্তা ব্যবহারকারী স্থানীয়রা নিষেধ করলেও তা অমান্য করে কাজ অব্যাহত রাখা হয়েছে। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর অ্যাড.রফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মন্তাজ আলী সরকারসহ এলাকাবাসী লালমনিরহাট উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে যোগাযোগ করলে তার পরামর্শে ৯ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করা হয়।
আবেদনের প্রেক্ষিতে লালমনিরহাট সদর ভূমি অফিসের সার্ভেয়ার এবং পরবর্তীতে ইউএনও'র নির্দেশে পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সহিদুল ইসলাম ও সার্ভেয়ার দিলীপ কুমার রায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিনে মাপজোখ করেন। পরে গত ৯ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) দুই-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও অজ্ঞাত কারণে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী।
অপরদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্মাণাধীন বাড়ির কাজের তদারকির দায়িত্বে থাকা জমির মালিকের ভায়রা ভাই শাহাবুদ্দিন বলেন, ক্রয়কৃত সম্পত্তিতেই বাড়িটি নির্মাণ করা হচ্ছে। রাস্তা থেকে তিন ফুট জায়গা আমরা ছেড়ে দিয়েছি। বহুতল এই বাড়িটি নির্মাণের নকশা অনুমোদিত কি না জানতে চাইলে তিনি জানান, জ্বি আছে।
সংবাদ সম্মেলনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারা অনুযায়ী দ্রুত সরকারি রাস্তার অবৈধ দখল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান এলাকাবাসী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.