লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক পৃথক ২টি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব গরুর মোট সিজার মূল্য ৫লক্ষ ৯৫হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ নাজিরগোমানী ও ধরলা বিওপির বিশেষ টহলদল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও বুধবার (৪ নভেম্বর) ভোরে এ অভিযান ২টি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার বিকেল ৪টা ৩০মিনিটের দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু আটক করা হয়। এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বুধবার ভোর ৪টা ৩০মিনিটের দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.