লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আদিতমারী থানা পুলিশ। পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ফোর্সের পাশাপাশি বিশেষ প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।
আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অপরাধ প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবেন। নিরাপত্তার বিশেষ অংশ হিসেবে এবার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের গায়ে থাকছে ‘বডি অন ক্যামেরা’। এই ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক রেকর্ড করা হবে এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি তদারকি করা সম্ভব হবে।
এছাড়া মণ্ডপ এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হচ্ছে। বড় বড় মণ্ডপে ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হতে পারে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের বিশেষ মোবাইল টিম, কুইক রেসপন্স টিম এবং বিশেষ ফোর্স।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দময়, উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সাথে যেকোনো ধরনের শঙ্কা বা জরুরি প্রয়োজনে স্থানীয় পুলিশ স্টেশন বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.