লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী জাতীয় মহাসড়কে প্রাতঃভ্রমণে বের হয়ে বেপরোয়া গতির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফকিরের তকেয়া (বালাপাড়া) কালভার্টের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার স্থানীয় বাসিন্দা ফজিলা বেগম ও জহিলা বেগম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শে শনিবার ফজরের নামাজ শেষে ওই দুই নারী জাতীয় মহাসড়কের পাশে হাঁটতে বের হন। এ সময় রংপুর থেকে আসা বেপরোয়া গতির একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
নিহতদের বিষয়ে স্থানীয় বাসিন্দা কাউসার মাহমুদ জানান, ওই দুই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। একজনের কিডনির সমস্যা এবং অপরজনের ডায়াবেটিস থাকায় চিকিৎসকের পরামর্শেই তারা নিয়মিত সকালে হাঁটাহাঁটি করতেন।
সড়কের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের এই অংশটি বেশ সরু। এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। সরু রাস্তা এবং চালকদের বেপরোয়া গতির কারণেই এখানে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দেওয়া তথ্য মতে, এই মহাসড়কটিতে গত ২বছরে আজকের নিহত দুজনসহ মোট ৪৮জনের প্রাণ ঝরেছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.