লালমনিরহাটে "ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট সার্কিট হাউসে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি এসোসিয়েশন ও এ্যানিমেল হেলথ এসোসিয়েশনের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হোসাইন মোঃ রাকিবুর রহমান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান প্রিন্স, লালমনিরহাট জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি শেখ মঞ্জুর আলম, আলহাজ্ব মোঃ আব্দুর রহিম প্রমুখ। এ সময় লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, সাংবাদক সৈকত ইসলামসহ লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি এসোসিয়েশন ও এ্যানিমেল হেলথ এসোসিয়েশন কর্মকর্তা-কর্মচারী, খামারি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিম শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজের অন্যতম উৎস। সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে ডিমের পুষ্টিগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ডিম খাওয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে প্রচার এবং পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এর আগে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য র্যালিটি লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট সার্কিট হাউসে এসে শেষ হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.