লালমনিরহাটে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। এর অংশ হিসেবে লালমনিরহাট জেলা শহরের ব্যস্ততম হাড়িভাঙ্গা এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় ৮টি মামলায় মোট ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও মামুনুর রশিদ।
প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের ফিটনেস যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে হাড়িভাঙ্গা এলাকার অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় সংলগ্ন রংপুর-বুড়িমারী জাতীয় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশা এবং মোটর সাইকেলের কাগজপত্র তল্লাশি করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস ও রুট পারমিট না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ৮টি মামলায় ৮জন চালক বা মালিককে মোট ৫হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় না নামার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চালক ও মালিকদের সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে চালকদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.