দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাই করতে বন্দর এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
রোববার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর (পরিত্যাক্ত) পরিদর্শন ও জিরোপয়েন্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্থলবন্দরটি চালুর সম্ভাবনা, অবকাঠামোগত অবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং বন্দর পরিচালনার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শন শেষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসনেসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর বিষয়ে উদ্যোগ নেবে সরকার। মোগলহাট স্থলবন্দর চালু হলে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে এর প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনের পর বন্দরটি চালুর সম্ভাব্যতা ও প্রয়োজনীয় অবকাঠামো নিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন দুই মন্ত্রী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.