গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, জুলাই আন্দোলন একদিনে সংঘটিত হয়নি, এটি দীর্ঘ ১৭বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত ফসল, যা ২০২৪ সালের জুলাইয়ে এসে রূপ নিয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের সার্কিট হাউসে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে গুম-খুন, আহত, পারিবারিক ও ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, দীর্ঘ ১৭বছর ধরে যারা শহীদ ও নির্যাতিত হয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের পাশাপাশি তাদেরও তালিকাভুক্ত করা জরুরি। কারণ, তাদের দীর্ঘ আত্মত্যাগের মধ্য দিয়েই জুলাই আন্দোলনের পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং স্বৈরশাসকের পতন অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল।
বর্তমান প্রধানমন্ত্রীকে একজন মানবিক মানুষ উল্লেখ করে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বিগত দিনে রাজনৈতিকভাবে নির্যাতিতদের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। তাদেরও দ্রুত গেজেটভুক্ত করে ভাতার আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিগত ১৭বছরের রাজনৈতিক মামলা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিগত আমলে দায়ের করা ভুয়া ও গায়েবি মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে নির্যাতিতরা এসব মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ১শত ১১জনের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.