লালমনিরহাট জেলার কালীগঞ্জে ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ৯টি বগি রেল ক্রসিংয়ের ওপর আটকে পড়ে। এ সময় ইঞ্জিনটি প্রায় ২কিলোমিটার দূরে চলে যায়। এতে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক ও রেলপথে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের একটি রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি কালীগঞ্জে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ৯টি বগি রেল ক্রসিংয়ের ওপর পড়ে থাকে। অন্যদিকে ইঞ্জিনটি প্রায় ২কিলোমিটার দূরে চলে যায়।
ট্রেনের বগিগুলো জাতীয় মহাসড়কের ওপর আটকে থাকায় সড়কে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ থাকে রেল চলাচলও। এতে জাতীয় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীসহ কয়েক হাজার মানুষ।
প্রায় আড়াই ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরিয়ে এনে বগিগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর রেল ক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে জাতীয় মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার কারণে দীর্ঘ সময় জাতীয় মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ইঞ্জিনের সাথে বগির সংযোগ ভেঙ্গে গিয়েছিলো। পরবর্তীতে দ্রুত সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.